দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
দেশের রেলপথকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে প্রধান প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন (ইলেকট্রিক ট্র্যাকশন) চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, দেশের সড়ক ও রেল যোগাযোগ খাতের টেকসই উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে মহাসড়কগুলোতে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে গ্রিড ও মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি সড়ক নিরাপত্তা ও ওভারলোড নিয়ন্ত্রণে স্মার্ট মনিটরিং এবং এক্সেল লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে।
রাজধানীর যানজট নিরসনে ঢাকার চারপাশে রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল নির্বিঘ্ন করতে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যমুনা নদীতে দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: হামের টিকাদানে গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ রেলওয়েকে জাতীয় পরিবহন ব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০৪৫ সাল পর্যন্ত তিন ধাপে ২৪টি মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হবে। পাশাপাশি আন্তঃনগর ও কমিউটার ট্রেনের সংখ্যা বাড়িয়ে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও সাশ্রয়ী করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








