স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৩:৪৫, ১৮ জুন ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার: ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী প্রজন্ম গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাঁতারকুলে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি ।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ম্যাথ ল্যাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের গণিত শেখার আগ্রহ বাড়বে এবং বিষয়টি আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠবে।

ববি হাজ্জাজ আরও বলেন, সরকারের শিক্ষা-ভিশনের আলোকে এমন একটি প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে। এ ক্ষেত্রে ম্যাথ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিবান্ধব করে তুলবে। পাশাপাশি স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন: শুধু উচ্চ শিক্ষা নয় প্রয়োজন কারিগরি শিক্ষাও: শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়