পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্র।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত অবস্থানের প্রশংসা করেন। তিনি উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তিখাতসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে স্পেনের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পৃক্ততা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
হুমায়ুন কবির বাংলাদেশ ও স্পেনের মধ্যকার অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ক্রমবর্ধমান ধারা তুলে ধরে স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে। সরকার বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশ-স্পেন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








