নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১০, ২২ জুন ২০২৬

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশনা

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশনা

ফাইল ছবি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী ‘সেভেন্থ ডে এভান্টিস্ট’ সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ধর্মীয় বিধি-নিষেধের কারণে শনিবারের পরীক্ষাগুলো ওইদিন সকালে না নিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নের জন্য দেশের সব জেলার জেলা প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড।

শিক্ষার্থীদের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা এবং পরীক্ষার গোপনীয়তা ও স্বচ্ছতা বজায় রাখতে বোর্ডের পক্ষ থেকে কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে:

নির্ধারিত সময়ে উপস্থিতি: সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের শনিবারের পরীক্ষাগুলোতে অংশগ্রহণের জন্য সকাল ১০টার আগেই নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

কক্ষে অবস্থান: কেন্দ্রে প্রবেশের পর থেকে পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা) পরীক্ষার্থীদের নির্দিষ্ট কক্ষের ভেতরেই অবস্থান করতে হবে।

যোগাযোগ বিচ্ছিন্নতা: কোনো অবস্থাতেই পরীক্ষার্থীরা কেন্দ্রের নির্দিষ্ট কক্ষের বাইরে যেতে পারবেন না। এই দীর্ঘ সময়কাল তারা বাইরের কারো সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারবেন না।

দ্রব্যাদি নিয়ন্ত্রণ: পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের সাথে শুধুমাত্র প্রবেশপত্রে উল্লিখিত অনুমোদিত দ্রব্যাদিই থাকতে পারবে। এর বাইরে কোনো ধরনের ডিভাইস বা নিষিদ্ধ বস্তু বহন করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরই এইচএসসি ও সমমানের পরীক্ষায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডগুলো বিশেষ এই মানবিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির আলোকে সময়সূচি সমন্বয় করে থাকে, যাতে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও এই নিয়ম বহাল থাকছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়