১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। ছবি: সংগৃহীত
দেশের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী এক বছরের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি মাতৃস্বাস্থ্যসেবা জোরদারে আগামী তিন বছরের মধ্যে আরও ২৫ হাজার প্রশিক্ষিত মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়া হবে।
রবিবার (২১ জুন) পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্র ও উপজেলা হাসপাতালগুলোতে অন্তঃসত্ত্বা মায়েদের উন্নত সেবা নিশ্চিত করতেই এই বিপুলসংখ্যক মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগের আগে তাদের মানসম্মত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ড. জিয়াউদ্দিন হায়দার জানান, সারা দেশে ইউনিয়ন পর্যায়ে একটি শক্তিশালী ‘প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক’ গড়ে তোলা হবে। এ নেটওয়ার্কের আওতায় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করবেন।
আরও পড়ুন: সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন
তিনি আরও বলেন, দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না। বিদ্যমান ক্লিনিকগুলো আগের মতোই চালু থাকবে। বরং স্বাস্থ্যসেবার পরিধি বাড়িয়ে জনগণের আরও কাছাকাছি পৌঁছে দিতে নতুন এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








