স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ২১ জুন ২০২৬
আপডেট: ১৫:৫২, ২১ জুন ২০২৬

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়নের চিন্তা করছে সরকার: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়নের চিন্তা করছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

সরকার ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথ খুঁজছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া ঋণ ও আর্থিক চাপের কারণে এবারের বাজেটকে ‘পারফেক্ট’ বলা যাবে না।

রবিবার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান বাজেট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে। কর-জিডিপি অনুপাত এখনো সন্তোষজনক নয়। একই সময়ে বৈশ্বিকভাবে বিদেশি ঋণের প্রবাহও কমে গেছে, যার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে।

তিনি জানান, আগের সরকার বিপুল পরিমাণ আর্থিক দায় রেখে গেছে। শুধু বিদ্যুৎ খাতেই প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া বিল রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট ব্যয় বাড়িয়েছে, ফলে সামগ্রিক অর্থনৈতিক কাঠামো নতুন করে মূল্যায়ন করতে হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এনবিআরের নীতিনির্ধারণী বিভাগে কর বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হবে। রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

তিনি বলেন, কর পরিশোধকে ইতিবাচক দায়িত্ব হিসেবে দেখার সংস্কৃতি গড়ে তুলতে হবে। রপ্তানিকারকদের জন্য বন্ড সুবিধা সহজ করা হবে এবং বিকল্প কর প্রণোদনার বিষয়ও বিবেচনায় রয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলতি বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একইভাবে স্বাস্থ্য খাতেও বরাদ্দ ধীরে ধীরে ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ দুই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়