নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৪, ২৬ জুন ২০২৬

ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ

ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও, তা পালনে ব্যর্থ হওয়ায় সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সীমা বারবার অতিক্রম করার পরেও হিসাব দাখিল না করায় কমিশন এই কঠোর অবস্থানে গিয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পৃথক সাতটি চিঠি সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকে তাদের নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দিতে হয়। ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে সেই অনুযায়ী ১৩ মে ছিল হিসাব জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা। নির্ধারিত এই সময়ের মধ্যে বিরোধী দল জামায়াতে ইসলামীসহ মাত্র ২৭টি রাজনৈতিক দল তাদের ব্যয়ের হিসাব জমা দেয়।

আরও পড়ুন: এনআইডি সেবা সহজীকরণে ইসির বিশেষ উদ্যোগ

নির্ধারিত সময়ে হিসাব জমা দিতে ব্যর্থ হওয়া দলগুলোর জন্য ইসি প্রথমে ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মের মধ্যে তা দাখিলের অনুরোধ জানিয়েছিল। পরবর্তীতে ১৯ মে পুনরায় সতর্কীকরণ নোটিশ প্রদান করে ১৩ জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। এই বর্ধিত সময়ের মধ্যে বিএনপিসহ আরও ১৬টি দল তাদের হিসাব জমা দিতে সক্ষম হলেও, এনসিপিসহ সাতটি দল তা দাখিল করেনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় কমিশন সংশ্লিষ্ট দলগুলোকে শোকজ নোটিশ প্রদান করে।

শোকজ নোটিশ পাওয়া দলগুলোর তালিকায় রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। একই আদেশের ৪৪গগগ (৫) অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে সময় বৃদ্ধি করতে পারে। তবে, জরিমানার পরেও হিসাব দাখিল না করলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের মতো কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে নির্বাচন কমিশনের হাতে।

এই প্রেক্ষাপটে, পাঠানো শোকজ নোটিশে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দলগুলোর কাছে জানতে চেয়েছে কেন ১০ হাজার টাকা জরিমানাসহ নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে না। এ বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত জবাব পাঠাতে দলগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়