পাঠ্যপুস্তকে থাকছে না ওসমান হাদির ‘বীরত্বগাথা’
শরীফ ওসমান বিন হাদি। ফাইল ছবি
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির ‘বীরত্বগাথা’ অন্তর্ভুক্ত হচ্ছে না।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চ পর্যায়ের সভায় এ বিষয়ে কোনো এজেন্ডা না থাকায় বিষয়টি ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত না করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৮ শিক্ষাবর্ষে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে কি না, সে বিষয়ে পরবর্তীতে পরিকল্পনা কমিটি ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে।
এদিকে আগামী শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ যুক্ত করা হচ্ছে।
এছাড়া প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অধ্যায়ে চার জাতীয় নেতার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তবে একই অধ্যায়ে ওসমান হাদির বিষয়টি যুক্ত করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হায়দার।
তিনি বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী কার্যক্রম চলছে। ২০২৮ শিক্ষাবর্ষে বিষয়টি যুক্ত হবে কি না, তা পরবর্তীতে নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: রাষ্ট্রীয় যে কোনো কাজের চেয়ে সংসদ অধিবেশন গুরুত্বপূর্ণ
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদি গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকায় চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








