কলকাতায় মারা গেলেন আ. লীগের সাবেক এমপি জোয়াহেরুল
ফাইল ছবি
টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভারতের কলকাতা-এর দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক সপ্তাহের বেশি সময় আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
হাসপাতাল সূত্রে জানিয়েছে, মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন এবং অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে বিদেশ থেকে কলকাতায় আসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুমতি মিললে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তি (এনওসি) প্রদান করা হবে। মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়ার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার
আইনজীবী পেশা থেকে রাজনীতিতে আসা জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন এবং পরে তার স্ত্রীও মেডিকেল ভিসায় সেখানে যোগ দেন। সেখানে অবস্থানকালে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








