পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে তার নাতনিকে অপহরণ ও ধর্ষণ করার পর হত্যার ঘটনা ঘটেছে। পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খারের মা সুফিয়া খাতুন (৬৫) ও মেয়ে জামিলা আক্তার (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।
স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ কান্নার আওয়াজ শুনে রাস্তায় বের হন। পরে কান্না থেমে গেলে তারা বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে জামিলাকে খোঁজার এক পর্যায়ে সরিষার ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় অন্য মেয়ের বাড়িতে ছিলেন।
নিকট আত্মীয় সোহেল রানা জানান, গত রাতে একজন অপরিচিত ব্যক্তি মেয়েকে ধর্ষণ করতে এসেছিলেন। দাদি টের পেয়ে যাওয়ায় তাকে হত্যা করা হয়। এরপর মেয়েকে অপহরণ করে ধর্ষণ এবং হত্যা করা হয়। তিনি দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে জনজীবনে ফিরছে স্বস্তি
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








