২৫০০ কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার
ফাইল ছবি
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ সংগ্রহে যাচ্ছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে ‘৭ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ নামে ৭ বছর মেয়াদি শরীয়াহভিত্তিক ইজারা সুকুক বন্ড বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সুকুক থেকে সংগৃহীত অর্থ ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরডিপিএনএফএল)’-এর আওতায় ব্যয় করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এ তিন জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে।
বিনিয়োগকারীদের জন্য সুবিধাসমূহ, সুকুকের ধরন: ইজারা সুকুক, মেয়াদ: ৭ বছর।
ইস্যু পরিমাণ: ২,৫০০ কোটি টাকা, ন্যূনতম বিনিয়োগ: ১০ হাজার টাকা, বার্ষিক মুনাফা: ৯ দশমিক ৬০ শতাংশ, মুনাফা বিতরণ: প্রতি ৬ মাস অন্তর।
দেশের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সুকুকটিতে সহজ বিনিয়োগ সুবিধা রাখা হয়েছে। দেশি ও প্রবাসী বাংলাদেশি ব্যক্তি বিনিয়োগকারী ছাড়াও যেকোনো দেশি প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করতে পারবে। বিনিয়োগের জন্য আলাদা কোনো ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই; বিদ্যমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকেই বিনিয়োগ করা যাবে।
আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই সুকুকের নিলামে অংশগ্রহণ করা যাবে।
আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদ–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লী অবকাঠামো উন্নয়নে ৭ বছর মেয়াদি এই সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়।








