একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
ছবি: সংগৃহীত
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
বাজুস জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে সর্বশেষ চলতি বছরের ১৯ জানুয়ারি সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা তখন পর্যন্ত দেশের সর্বোচ্চ দাম ছিল। ওই দাম কার্যকর হয় ২০ জানুয়ারি থেকে।
আরও পড়ুন: নির্বাচন ও রমজানে থাকবে না এলপিজি সংকট: জ্বালানি উপদেষ্টা
চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ৯ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৭ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়; এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








