News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪২, ২০ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫১, ২০ জানুয়ারি ২০২৬

দেশে সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা

দেশে সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা

ফাইল ছবি

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম হবে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আরও পড়ুন: ১৮ বিলিয়ন থেকে দেশের রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা

এর আগে, চলতি বছরের ১৪ জানুয়ারি সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়, যা তখন দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়