সেমিফাইনালে উঠে এশিয়ান বিচ গেমসে পদক জিতল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল।
প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পর শনিবার (২৫ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৫৯-২০ পয়েন্টে বড় ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে ওঠায় অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। চাইনিজ তাইপের মেয়েরা কোনো প্রতিরোধ গড়তে না পারায় শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল।
আরও পড়ুন: জব্বারের বলীখেলায় টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাঘা শরীফ
তবে নারী দলের সাফল্যের বিপরীতে হতাশ করেছে পুরুষ দল। টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে তারা। পাকিস্তানের কাছে হারের পর এদিন ইরানের বিপক্ষে ৪৭-৩১ পয়েন্টে পরাজিত হয় বাংলাদেশ পুরুষ দল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








