News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৯, ১৪ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ ট্রফি দেখতে দেশের পতাকা সঙ্গে না রাখার নির্দেশ

বিশ্বকাপ ট্রফি দেখতে দেশের পতাকা সঙ্গে না রাখার নির্দেশ

ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বাংলাদেশে পৌঁছাতে যাচ্ছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি। প্রতিবারের মতো এবারও সোনালী এই ট্রফিটি সামনে থেকে দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। তবে ট্রফি দেখতে গিয়ে কোনো দেশ বা ফুটবল দলের পতাকা বহন করা যাবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ ট্রফি দেখতে আসা দর্শনার্থীরা ৭×১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাকপ্যাক বহন করতে পারবেন না। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কোনোভাবেই টিকিট হস্তান্তর বা পুনরায় ব্যবহার করা যাবে না। ধারালো বা নিষিদ্ধ কোনো সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না। পাশাপাশি কোনো দেশ বা ফুটবল দলের পতাকাও বহনের অনুমতি নেই।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্বকাপ ট্রফিবাহী বিমান বাংলাদেশে পৌঁছাবে বলে জানানো হয়েছে। ঢাকায় অবস্থানকালে ট্রফিটি রাখা হবে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে। মাত্র ৮ ঘণ্টা বাংলাদেশে অবস্থান শেষে সন্ধ্যা ৬টায় ট্রফিটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।

বিশ্বকাপ ট্রফি ঘিরে কোকা-কোলার উদ্যোগে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে। এই ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য রয়েছে নির্দিষ্ট কিছু নির্দেশনা। ট্রফির কাছে যাওয়ার জন্য বিজয়ীদের অবশ্যই বৈধ টিকিটের প্রিন্ট কপি, সফট কপি বা স্ক্রিনশট প্রদর্শন করতে হবে। পাশাপাশি যাচাই-বাছাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপ সঙ্গে রাখতে হবে।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অবস্থাতেই দর্শনার্থীরা ট্রফি স্পর্শ করতে পারবেন না। উল্লেখ্য, বিশ্বকাপ ট্রফি স্পর্শের অনুমতি কেবল বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়, সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতির জন্য সংরক্ষিত।

আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—এই তিন দেশে একযোগে অনুষ্ঠিত হবে এবারের আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপে থাকছে আগের চেয়ে বেশি ম্যাচ ও বড় পরিসরের আয়োজন।

৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। চারবারের চ্যাম্পিয়ন জার্মানি রয়েছে ‘ই’ গ্রুপে। ফ্রান্স ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে এবং পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।

আরও পড়ুন: ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়