ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি
ছবি: সংগৃহীত
বিশ্বভ্রমণের অংশ হিসেবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মারক—ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাচ্ছে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফিফা এবং কোকা-কোলার যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রফি ট্যুর ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস তৈরি হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণ ও বিশেষ প্রচারণার অংশ হিসেবে সর্বসাধারণের জন্য ট্রফিটি দেখার সুযোগ থাকছে না।
জানা গেছে, কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নিয়ে যারা নির্বাচিত হয়েছেন, তারাই কেবল কাছ থেকে ট্রফিটি দেখার ও ছবি তোলার এক্সক্লুসিভ সুযোগ পাবেন। এই ক্যাম্পেইনটি গত ৮ জানুয়ারি শেষ হয়েছে। ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট বোতলের কিউআর (QR) কোড স্ক্যান করে ফিফা-থিমভিত্তিক কুইজে অংশ নেওয়া বিজয়ীদের মধ্য থেকে এই বিশেষ পাস প্রদান করা হয়েছে। মূলত এই বিজয়ীদের জন্য আয়োজিত বিশেষ ইভেন্টেই ট্রফিটি প্রদর্শিত হবে।
‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’-র এটি ষষ্ঠ আসর। গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বিশ্বভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০০৬ সালের বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো বিশেষ বিমানে করে ট্রফি নিয়ে রিয়াদে অবতরণ করেন এবং বিমানবন্দরের টারমাকে ট্রফিটি উন্মোচন করেন। এ সময় সৌদি আরব ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভিআইপি অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে দেল পিয়েরো একটি ফুটবল ক্লিনিকে অংশ নেন, যেখানে খুদে ফুটবলারদের সাথে সময় কাটিয়ে তাদের উৎসাহিত করেন। পরবর্তীতে রিয়াদের একটি শপিং মলে সাধারণ ফুটবলপ্রেমী ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি পাবলিক ফ্যান ইভেন্টেরও আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আইসিসির অনুরোধেও অনড় বিসিবি
এবারের দীর্ঘ সফরে ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের মোট ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। ১৫০ দিনেরও বেশি সময় ধরে চলা এই মহাযজ্ঞের মূল লক্ষ্য বিশ্বজুড়ে হাজারো ফুটবলপ্রেমীকে জীবনের অন্তত একবার এই সর্বোচ্চ সম্মাননা দেখার সুযোগ করে দেওয়া।
কোকা-কোলার গ্লোবাল অ্যাসেটস ও পার্টনারশিপস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে এ প্রসঙ্গে বলেন, ফুটবল এমন এক ভাষা যা সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে এবং দুই দশক ধরে এই ট্রফি ট্যুর সেই আবেগকে আরও জোরালো করছে।
একই সুরে ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই জানান, কোকা-কোলার সাথে দীর্ঘদিনের অংশীদারিত্বের ফলেই বিশ্বজুড়ে বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮-এ উন্নীত করায় এবারের আসরে রেকর্ড ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিশাল আয়োজনের অংশ হিসেবেই ট্রফিটি এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। যদিও বাংলাদেশে ট্রফিটির অবস্থান হবে সংক্ষিপ্ত সময়ের জন্য, তবুও এর আগমন দেশের ফুটবল ইতিহাসে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজবাংলাদেশ.কম/পলি








