বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে ভারত ও বাংলাদেশের ক্রিকেট কূটনীতি নিয়ে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে খেলতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে।
‘জিও নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সংকটের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে তাদের স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে। শ্রীলঙ্কা যদি ভেন্যু দিতে ব্যর্থ হয়, তবে পাকিস্তান তাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামগুলো বিকল্প হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেবে।
বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে চলমান তিক্ত সম্পর্কের সুযোগ নিয়েই পিসিবি জানিয়েছে, তারা সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও উইমেনস কোয়ালিফায়ারের মতো বড় আসর সফলভাবে আয়োজন করেছে। পাকিস্তান দাবি করছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের জন্য তাদের ভেন্যু পুরোপুরি প্রস্তুত।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও বিসিবি আইসিসি-কে স্পষ্ট জানিয়েছে তারা ভারতে খেলবে না। বাংলাদেশ এই ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর চেষ্টা করলেও পিসিবির নতুন প্রস্তাব ক্রিকেট বিশ্বে নতুন সমীকরণ তৈরি করেছে।
আরও পড়ুন: রিশাদকে ঘিরেই বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন মঈন
এখন দেখার বিষয়, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানের লাহোর বা করাচিতে সরিয়ে নেওয়ার মতো সাহসী কোনো সিদ্ধান্ত নেবে কি না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








