News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৫, ১১ জানুয়ারি ২০২৬

রিশাদকে ঘিরেই বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন মঈন

রিশাদকে ঘিরেই বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন মঈন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মাশরাফি বিন মর্তুজাদের মতো ‘আইকনিক’ ক্রিকেটারদের সোনালি প্রজন্মের পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে সক্ষম একজন খুঁজে পেয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। 

তার মতে, তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেনই হতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী বড় বিজ্ঞাপন বা ‘সুপারস্টার’। বিপিএল ছেড়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার রিশাদের সাহসী সিদ্ধান্তকে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে হোবার্ট হারিকেন্সের হয়ে বল হাতে নিয়মিত আলো ছড়াচ্ছেন রিশাদ হোসেন। গত মাসে পার্থ স্করচার্সের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়ার পর, সবশেষ ম্যাচেও তিনি দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ২৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন এই লেগ-স্পিনার। তার এই নিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর ভর করেই হোবার্ট ৩৭ রানের জয় পায়। আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন রিশাদ, যা তার দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ (নাথান এলিসের ১২ উইকেটের পর)। বিপিএলে না খেলে বিগ ব্যাশের মতো কঠিন কন্ডিশনে নিজেকে প্রমাণ করার এই সিদ্ধান্তকে ক্রিকেটবোদ্ধারা রিশাদের পরিণত হওয়ার বড় ধাপ হিসেবে দেখছেন।

বিপিএলে সিলেট টাইটানসের হয়ে খেলতে আসা ৩৮ বছর বয়সী মঈন আলী সংবাদ সম্মেলনে রিশাদ হোসেনের ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বলেন, আমি মনে করি, বিগ ব্যাশে খেলার সঠিক সিদ্ধান্ত নিয়েছে রিশাদ। লেগ-স্পিনার হিসেবে সে তরুণ এবং অত্যন্ত প্রতিভাবান। সেখানে সে যা শিখবে, তা কেবল তার জন্য নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্যও অমূল্য সম্পদ হবে। 

আরও পড়ুন: আইসিসিকে  বিস্তারিত জানিয়ে বিসিবির বার্তা

মঈনের মতে, লিটন দাস বা তাওহিদ হৃদয়ের মতো প্রতিভাবান ক্রিকেটার থাকলেও তারা এখনো সাকিব-তামিমদের মতো ‘টপ প্লেয়ার’ বা ম্যাচ উইনার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেননি। তবে রিশাদের মাঝে সেই বিশ্বমানের তারকা হওয়ার সব সম্ভাবনা দেখছেন এই অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটার।

সংবাদমাধ্যমে মঈন আলী বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন। 

তিনি মনে করেন, গত দুই দশকে বাংলাদেশের অগ্রগতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। 

মঈনের পর্যবেক্ষণ অনুযায়ী, ক্রিকেটারদের মাঝে একই ভুল বারবার করার প্রবণতা এবং শট সিলেকশনে অপেশাদারিত্ব উন্নতির পথে বড় বাধা। বিপিএলের ভাবমূর্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক পরিশোধে বিলম্ব এবং অব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিক ক্রিকেটারদের আগ্রহ কমছে বলে তিনি জানান। তবে আইএলটি২০ (ILT20) বা আমেরিকার লিগের তুলনায় বিপিএলকে তরুণদের শেখার জন্য একটি কঠিন ও ভালো কন্ডিশন হিসেবে স্বীকৃতি দেন তিনি।

আলাপচারিতায় ক্রিকেটের ওপর রাজনীতির প্রভাব এবং মোস্তাফিজুর রহমানের আইপিএল অনাপত্তিপত্র না পাওয়ার বিষয়টি নিয়েও দুঃখ প্রকাশ করেন মঈন। 

এছাড়া বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে জো রুটের প্রশংসা করে তিনি ভবিষ্যদ্বাণী করেন যে, রুট অবশ্যই শচীন টেন্ডুলকারের টেস্ট রানের রেকর্ড ছাড়িয়ে যাবেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে ফেভারিট মানলেও রিশাদের মতো ‘রিস্ট স্পিনারদের’ গুরুত্ব বর্তমান ক্রিকেটে অপরিসীম বলে তিনি উল্লেখ করেন। 

মঈনের ভাষায়, রিশাদ যদি বিগ ব্যাশের মতো লিগগুলোতে নিয়মিত খেলে নিজেকে পরিণত করতে পারেন, তবেই বাংলাদেশের বিশ্বমানের তারকার দীর্ঘদিনের অভাব পূরণ হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়