News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৯, ৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৯, ৪ জানুয়ারি ২০২৬

মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের

মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

এই ঘটনাকে বাংলাদেশের ক্রিকেট ও দেশের জন্য ‘অবমাননাকর’ হিসেবে অভিহিত করে তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (০৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান।

আসিফ নজরুল তার পোস্টে অভিযোগ করেন, ভারতের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে নতি স্বীকার করেছে বিসিসিআই। 

তিনি বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, বাংলাদেশ কোনো অবস্থাতেই দেশের ক্রিকেট বা ক্রিকেটারদের অপমান মেনে নেবে না। পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “গোলামির দিন শেষ।”

দেশের ক্রিকেটের প্রতি এমন আচরণের প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের দাবি তুলেছেন ক্রীড়া উপদেষ্টা। 

আরও পড়ুন: সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে এমআই এমিরেটস

তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে অনুরোধ করেছেন।

মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আসিফ নজরুল। 

সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত নয় বলে মনে করছেন তিনি। ফলে বাংলাদেশের ম্যাচগুলো বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন তিনি।

আসিফ নজরুল লেখেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এটি আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য। ২০১৬ সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ মোস্তাফিজ এ পর্যন্ত ৮টি মৌসুমে ৫টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ৬০ ম্যাচে ৬৫টি উইকেট শিকার করেছেন।

কেকেআর আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ায় ক্রীড়াঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়