বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে যা জানাল বিসিসিআই
ছবি: সংগৃহীত
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রতিবেশী ভারতের সঙ্গে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।
এই প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও, আয়োজক দেশ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি বলে জানিয়েছে।
বিসিবি সূত্র জানায়, বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আইসিসিকে দুই দফায় চিঠি দিয়েছে। বিশেষ করে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ আয়োজনে বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি দেখছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এর আগে আইপিএলে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কিছু মহলের প্রতিবাদের পর পরিস্থিতি জটিল রূপ নেয়।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাফ জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং ভারতের বাইরে অন্য কোনো দেশে ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি তাদের অনড়।
আরও পড়ুন: ভারতের মাটিতে খেলার পরিবেশ নেই: ক্রীড়া উপদেষ্টা
এদিকে সোমবার (১২ জানুয়ারি) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির উদ্বেগের প্রেক্ষিতে আইসিসি বিকল্প ভেন্যু নিয়ে পরিকল্পনা শুরু করেছে। তবে লজিস্টিক জটিলতার কারণে ম্যাচগুলো ভারত থেকে পুরোপুরি সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার সম্ভাবনা কম। তার পরিবর্তে ভারতের মধ্যেই নির্ধারিত ভেন্যু কলকাতা ও মুম্বাই বদলে দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমকে (ত্রিভান্দ্রম) সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, ভৌগোলিক ও পরিবেশগত কারণে দক্ষিণ ভারতের এই শহরগুলো বাংলাদেশের জন্য তুলনামূলক নিরাপদ হতে পারে।
তবে ভেন্যু পরিবর্তনের এই গুঞ্জন নিয়ে ভিন্ন সুর শোনা গেছে বিসিসিআইয়ের কণ্ঠে। সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া বার্তাসংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আইসিসি থেকে ভেন্যু পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট বা বার্তা তারা পাননি।
তিনি বলেন, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এটি সম্পূর্ণভাবে বিসিবি ও আইসিসির মধ্যকার বিষয়। আইসিসি ইভেন্টের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কোনো সিদ্ধান্ত জানালে, আয়োজক হিসেবে বিসিসিআই কেবল তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বর্তমান সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষেও একই ভেন্যুতে খেলার কথা রয়েছে টাইগারদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।
এখন দেখার বিষয়, বিসিবির অনড় অবস্থান এবং আইসিসির বিকল্প ভেন্যু ভাবনার মাঝে শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচগুলো কোথায় গড়ায়।
নিউজবাংলাদেশ.কম/পলি








