News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৯, ১২ জানুয়ারি ২০২৬

ভারতের মাটিতে খেলার পরিবেশ নেই: ক্রীড়া উপদেষ্টা

ভারতের মাটিতে খেলার পরিবেশ নেই: ক্রীড়া উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে বাংলাদেশের পক্ষে ক্রিকেট খেলা অসম্ভব। আইসিসি যদি টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়, তবে ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরপেক্ষ দেশে সরিয়ে নিতে হবে।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং পরবর্তীতে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের এই অনড় অবস্থানের কথা জানান।

ক্রীড়া উপদেষ্টা জানান, সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে ভারতে খেলা চলাকালীন বাংলাদেশ দলের তিন ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। বিস্ময়কর বিষয় হলো, সেই চিঠিতে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করাকে অন্যতম একটি নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইসিসির পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে যে, মোস্তাফিজ দলে থাকলে দলের ওপর হামলার আশঙ্কা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

এই বিষয়টিকে ‘উদ্ভট ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, আইসিসি যদি আশা করে আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা দল গঠন করব, কিংবা আমাদের সমর্থকরা জার্সি পরতে পারবে না—এমন অবাস্তব কোনো প্রত্যাশা মেনে নেওয়া সম্ভব নয়। মোস্তাফিজের প্রসঙ্গ এবং আইসিসির চিঠিই প্রমাণ করে যে সেখানে খেলার মতো কোনো পরিবেশ নেই।

আরও পড়ুন: মর্যাদার লড়াই: ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

ভারতের অভ্যন্তরে ভেন্যু পরিবর্তন করে কলকাত থেকে চেন্নাই বা কেরালায় ম্যাচ সরিয়ে নেওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। 

তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ নির্দিষ্ট কোনো শহর নয় বরং পুরো ভারতজুড়েই নিরাপত্তা ঝুঁকি দেখছে। 

তিনি বলেন, ভারত মানে তো ভারতই। আমরা কলকাতা সরানোর কথা বলিনি, আমরা বলেছি ভারতের বাইরে নেওয়ার কথা। যদি ভেন্যু বদলাতেই হয়, তবে তা শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত বা পাকিস্তানে নেওয়া হোক। ভারতের কোনো জায়গাতেই আমাদের ক্রিকেটারদের খেলার পরিবেশ নেই।

বিসিবি ইতিমধ্যে এই দাবিতে আইসিসিকে দুইবার চিঠি দিয়েছে। আসিফ নজরুল মনে করেন, আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে, তবে তাদের উচিত কোনো বিশেষ দেশের (বিসিসিআই) চাপে না পড়ে বাজার ব্যবস্থার ঊর্ধ্বে উঠে ক্রিকেটের স্বার্থ রক্ষা করা।

গত ১৬ মাস ধরে ভারতে চলমান বাংলাদেশবিরোধী প্রচারণা এবং বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন আসিফ নজরুল। 

তিনি বলেন, সেখানে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে, তার কাছে আমরা মাথা নত করব না। যেখানে আমাদের একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত নয়, সেখানে পুরো দল পাঠানোর প্রশ্নই ওঠে না। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর বসে, তবে সেটা হবে দুঃখজনক।

তিনি আরও যোগ করেন যে, কোনো বিশেষ দেশের মনোপলি বা আধিপত্যের ভিত্তিতে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হওয়া উচিত নয়। বাংলাদেশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নিরপেক্ষ ভেন্যু ছাড়া এই বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের জন্য সম্ভব নয় এবং এই প্রশ্নে সরকার বা বিসিবি কোনো নতি স্বীকার করবে না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়