পবিত্র আশুরা আজ
ছবি: সংগৃহীত
আজ পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এটি গভীর শোকের দিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালিত হচ্ছে।
ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা ইরাকের কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের অনন্য প্রতীক হিসেবে এ দিনটি মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা হজরত ইমাম হোসাইন (রা.)-সহ তাঁর পরিবারের সদস্য এবং কারবালার সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন।
এদিন ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা পালন, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও বিভিন্ন ইবাদতের মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন। বিভিন্ন মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: হজ শেষে দেশে ফিরছেন ৬৪ হাজারেরও বেশি হাজি
অন্যদিকে, পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি পালন করবে। জননিরাপত্তার স্বার্থে তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।








