শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার
শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠকে বসছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আজ (শুক্রবার) দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর চার দিনের চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে এ বৈঠককে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
মুখপাত্র বলেন, বৈঠকের আলোচনার মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক ফল বয়ে আনবে বলে সরকার আশা করছে।
এদিন প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন। সফর শেষে স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশে রওনা হবেন।
উল্লেখ্য, বুধবার বেইজিংয়ে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেন। এর আগে তিনি দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন।
আরও পড়ুন: লি কিয়াং-তারেক রহমান বৈঠক ফলপ্রসূ, ১৩ সমঝোতা স্মারক সই
এরও আগে বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








