অর্থকষ্টে চিকিৎসাহীন কাঙালিনী সুফিয়া, চাইলেন সহায়তা
ছবি: সংগৃহীত
বুড়ি হইলাম তোর কারণে খ্যাত দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী কাঙালিনী সুফিয়া জীবনের শেষ প্রান্তে এসে চরম অর্থকষ্ট ও অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে তাঁর একটি হাত ভেঙে গেলেও অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে সরকারিভাবে পাওয়া নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে তাঁর।
পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর প্রতিবেশীদের সহায়তায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া সম্ভব হয়নি।
অসুস্থ কাঙালিনী সুফিয়া বলেন, অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। আগে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে জীবিকা নির্বাহ করলেও বয়স ও অসুস্থতার কারণে এখন আর গান গাইতে পারেন না। ফলে আয়ের সব পথ বন্ধ হয়ে গেছে।
তার মেয়ে পুষ্প জানান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সহায়তা চাইলেও উল্লেখযোগ্য সাড়া মেলেনি। জেলা প্রশাসকের কার্যালয় থেকে চিকিৎসা ও বিদ্যুৎ বিল পরিশোধের জন্য সাত হাজার টাকা সহায়তা পাওয়া গেলেও তা চিকিৎসার ব্যয়ের তুলনায় অপ্রতুল। তিনি জানান, কাঙালিনী সুফিয়া হৃদরোগ, কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
কাঙালিনী সুফিয়ার প্রকৃত নাম টুনি হালদার। ১৯৬১ সালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে প্রায় ৫০০টি গান রচনা করেছেন এবং দেশ-বিদেশে বাংলা লোকসংগীত পরিবেশন করে খ্যাতি অর্জন করেছেন। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
আরও পড়ুন: দক্ষিণী সিনেমাকে কিছুটা পুরুষতান্ত্রিক ভাবেন তামান্না
বর্তমানে উন্নত চিকিৎসা ও জীবনযাপনের ব্যয় নির্বাহে সমাজের বিত্তবান ব্যক্তি, সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন এই বরেণ্য লোকসংগীত শিল্পী ও তাঁর পরিবার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








