আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ২৬ জুন ২০২৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ১ হাজার ৫০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডোর বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে শত শত ঘরবাড়ি ও ভবন ধসে পড়ে।

স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, নিহতদের অনেকেই হাসপাতালে নেওয়ার আগেই মারা যান বা হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্র ৪০ সেকেন্ড পর দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ভয়াবহ এই দুর্যোগের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সিএনএনের জিওলোকেশন করা ভিডিওতে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। কোথাও কোথাও পাহাড়ের ঢালে নির্মিত বহুতল ভবন ধসে পড়েছে। আতঙ্কিত মানুষ পরিবার-পরিজন ও পোষা প্রাণী নিয়ে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। আফটারশকের আশঙ্কায় বহু মানুষ রাতভর খোলা আকাশের নিচে অবস্থান করেন।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, প্রায় ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লা গুয়াইরা এলাকায়।

স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, রাজধানী কারাকাস ছাড়াও ত্রুহিলো, ইয়ারাকুই, কারাবোবো, আরাগুয়া ও মিরান্দা অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চাকাও শহরের মেয়র গুস্তাভো দুকে বলেন, একটি ধসে পড়া ভবন থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ইউএসজিএসের মতে, ১৯০০ সালের পর এটি ভেনেজুয়েলায় অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর কম্পন প্রতিবেশী কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। সংস্থাটি আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ৩ দেশের ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

এদিকে, যুক্তরাষ্ট্র ১৫০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। পাশাপাশি মেক্সিকো, কাতার, ডোমিনিকান রিপাবলিক ও এল সালভাদরও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়