স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৯, ২৬ জুন ২০২৬
আপডেট: ১১:২০, ২৬ জুন ২০২৬

ডিএসই থেকে চার ডিজিএমসহ আট কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

ডিএসই থেকে চার ডিজিএমসহ আট কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জনবল পুনর্গঠনের অংশ হিসেবে চারজন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম), দুজন সিনিয়র ম্যানেজার এবং দুজন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে।

চাকরিচ্যুত চার ডিজিএম হলেন- জেনারেল অ্যাডমিন বিভাগের মো. আব্দুল লতিফ ও হোসনে আরা পারভীন, আইসিটি বিভাগের শাহিন সারওয়ার এবং ইনভেস্টর প্রটেকশন ফান্ডের সমন্বয়ক আব্দুর রাজ্জাক।

চাকরিচ্যুত কর্মকর্তাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, জনবল পুনর্গঠনের অংশ হিসেবে সংশ্লিষ্ট পদগুলোর আর প্রয়োজন না থাকায় তাৎক্ষণিকভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরি অবসানের চূড়ান্ত নিষ্পত্তির অংশ হিসেবে তারা প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি সদিচ্ছার নিদর্শন হিসেবে অতিরিক্ত দুই মাসের সমপরিমাণ মোট বেতন দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, চাকরি অবসানের দিনই পরিচয়পত্র, নথিপত্র ও প্রতিষ্ঠানের অন্যান্য সম্পদ সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। চাকরি শেষ হওয়ার পরও প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষার বাধ্যবাধকতা বহাল থাকবে।

চাকরিচ্যুত এক কর্মকর্তা অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাকে ডেকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়েছে। আরেক কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, চিঠিতে চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে, একযোগে একাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ঘটনায় ডিএসইর অভ্যন্তরে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আরও কয়েকজন কর্মকর্তাকে পর্যায়ক্রমে অব্যাহতি দেওয়া হতে পারে বলেও জানা গেছে।

তবে ডিএসইর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটি কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নয়। বরং প্রতিষ্ঠানকে আরও দক্ষ, আধুনিক ও কার্যকর করতে দীর্ঘমেয়াদি জনবল পুনর্গঠনের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে শেয়ারবাজারে সূচক উর্ধ্বমুখী

এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়