ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২০, ১৫ মে ২০২৬

জিলহজের চাঁদ দেখতে সৌদি সুপ্রিম কোর্টের আহ্বান

জিলহজের চাঁদ দেখতে সৌদি সুপ্রিম কোর্টের আহ্বান

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জিলহজ মাসের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট।

শুক্রবার (১৫ মে) দেওয়া এক ঘোষণায় আদালত জানিয়েছে, আগামী ১৭ মে সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের ধারণা অনুযায়ী রোববার বিশ্বের বিভিন্ন অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হতে পারে।

অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অঞ্চলে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসাবে ২৭ মে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত-ও ১৭ মে চাঁদ দেখার প্রস্তুতির কথা জানিয়েছিল। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, জাতীয় মানমন্দির ও বিশেষজ্ঞ জ্যোতির্বিজ্ঞানীদের সমন্বয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন: কোরবানির পশু নির্বাচনে যেসব বিষয় মানতে হবে

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়