চলতি বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬৫৮০ বাংলাদেশি
ফাইল ছবি
চলতি বছর হজ পালনের জন্য মোট ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪ হাজার ২৬০ জন সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালনের জন্য নিবন্ধন করেছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানান, সাধারণ হজযাত্রীদের পাশাপাশি মেডিকেল টিম, হজ গাইড, প্রশাসনিক ও কারিগরি দলও সৌদি আরবে যাবেন হজযাত্রীদের সহায়তার জন্য। এ সংক্রান্ত তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য ইতোমধ্যে পাঠানো হয়েছে।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার শেষ সময় ছিল ২০২৫ সালের ১৬ অক্টোবর। নিবন্ধন কার্যক্রম শুরু হয় একই বছরের ২৭ জুলাই।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনায় জড়িত এজেন্সি ও এয়ারলাইনসগুলোকে সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। ২০২৬ সালের হজযাত্রীদের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। এছাড়া সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী সব হজযাত্রীর জন্য মেডিকেল ফিটনেস সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, হজযাত্রা নির্বিঘ্ন করতে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজযাত্রীদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং সাধারণ স্বাস্থ্য সমস্যার মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে হবে।
হজযাত্রীরা ই-হজ সিস্টেম, লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মুকাররম হজ অফিস এবং আশকোনা হজ অফিসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
বাংলাদেশি হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: রমজানের সেহরি-ইফতারের চূড়ান্ত সময়সূচি ঘোষণা
নির্দেশনা অনুযায়ী, হজ এজেন্সিগুলোকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে মোট হজযাত্রীর ২০ শতাংশ পাঠাতে হবে এবং অবশিষ্ট যাত্রীদের প্রথম ও শেষ ধাপে পাঠাতে হবে। একই সঙ্গে কোনো এজেন্সি প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করতে পারবে না। এসব নির্দেশনা মেনে টিকিট ইস্যু ও ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








