আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র রমজান মাস শুরুর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেশটির আকাশে হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় রমজান শুরু হওয়ার সম্ভাব্য সময়সীমা এখন স্পষ্ট হয়ে উঠেছে।
চাঁদ দেখার ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের কাউন্সিল ফর ফতোয়া জানিয়েছে, ইসলামি বর্ষপঞ্জির রজব মাস শেষ হচ্ছে সোমবার, ১৯ জানুয়ারি। ফলে মঙ্গলবার, ২০ জানুয়ারি থেকে দেশটিতে পবিত্র শাবান মাস শুরু হচ্ছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম টাইম আউট সোমবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
কাউন্সিলের ঘোষণায় বলা হয়, শাবান মাস রমজানের ঠিক আগের মাস এবং এটি সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাবান মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমজান শুরুর দিন গণনার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
শাবান মাসের ১৫তম রাতে মুসলমানদের জন্য ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ রাত শবে বরাত পালিত হয়। সে হিসাবে এ বছর শবে বরাত পালিত হতে পারে ৪ অথবা ৫ ফেব্রুয়ারি।
সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট (IACAD) জানিয়েছে, শাবান মাস যদি ৩০ দিনের হয়, তাহলে দেশটিতে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর যদি শাবান মাস ২৯ দিনের হয়, তাহলে রমজান শুরু হবে বুধবার, ১৮ ফেব্রুয়ারি।
রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণে আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা হবে। ওই দিনই সংযুক্ত আরব আমিরাতের কাউন্সিল ফর ফতোয়া ও চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেবে। একই সঙ্গে রমজান মাস উপলক্ষে সরকারি ছুটি ও কর্মঘণ্টা সংক্রান্ত সিদ্ধান্তও শিগগিরই জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: শবে বরাত কবে, জানা যাবে সন্ধ্যায়
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যেই পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য প্রথম দিন হিসেবে ১৮ ফেব্রুয়ারিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যদিও তা সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এদিকে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার দিনই সংযুক্ত আরব আমিরাতের আকাশে দিনের আলোতে নতুন চাঁদের একটি বিরল ও স্পষ্ট ছবি ধারণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গালফ নিউজ জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় এই ছবি ধারণ করা সম্ভব হয়।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আবুধাবি থেকে শাবান মাসের চাঁদের এ বিস্তারিত ছবি তোলে। সংস্থাটির তথ্যমতে, ছবি তোলার সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সাধারণত দিনের আলোতে নতুন চাঁদ দেখা অত্যন্ত কঠিন। কারণ এ সময় চাঁদের আলো খুবই ক্ষীণ থাকে এবং সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে। তবে আকাশ পরিষ্কার থাকায় এদিন চাঁদের উপস্থিতি তুলনামূলকভাবে স্পষ্টভাবে ধরা পড়ে।
চাঁদ পর্যবেক্ষণের পুরো কার্যক্রমে অবজারভেটরির বিশেষজ্ঞ দল অংশ নেয়। তারা উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি সংগ্রহ করেন।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, এ ধরনের পর্যবেক্ষণ ইসলামী জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধর্মীয় মাসগুলোর সূচনা নির্ধারণে চাঁদ দেখার তথ্য হিজরি ক্যালেন্ডারকে আরও নির্ভুল করতে সহায়তা করে। সংস্থাটি নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এমন পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে, যা একদিকে বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নিচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মাঝেও জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব ও সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা তুলে ধরছে।
এদিকে পবিত্র রমজান মাসের আগমনের বার্তা বহনকারী শবে বরাতের তারিখ নির্ধারণে বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার (১৯ জানুয়ারি)। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
সূত্র: টাইম আউট, গালফ নিউজ
নিউজবাংলাদেশ.কম/পলি








