শবে বরাত কবে, জানা যাবে সন্ধ্যায়
ফাইল ছবি
পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বহনকারী শবে বরাতের তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভা বসবে।
রবিবার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করা হয়েছে।
ইসলামি বিধান অনুযায়ী, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) পালিত হয় পবিত্র শবে বরাত। এ উপলক্ষে পরদিন সরকারি ছুটি থাকে। শাবান মাস শেষ হওয়ার পরই মুসলমানরা রমজান মাসের সিয়াম সাধনা শুরু করেন।
আজ শাবান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে। তবে চাঁদ না দেখা গেলে রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। এ ক্ষেত্রে শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে।
শবে বরাত ইসলাম ধর্মে বিশেষ মর্যাদাসম্পন্ন চারটি রাতের অন্যতম। এ রাতে বিশ্বাস করা হয়, পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের জন্য রহমত ও দয়ার ভাণ্ডার খুলে দেন। ‘শবে বরাত’ শব্দটি দুটি ভিন্ন ভাষার সমন্বয়ে গঠিত; ‘শব’ ফারসি শব্দ যার অর্থ রাত, এবং ‘বরাত’ আরবি শব্দ যার অর্থ নাজাত বা মুক্তি। অর্থাৎ শবে বরাত হলো- জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত।
আরও পড়ুন: হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ, সারাদেশে ৮০টি কেন্দ্র
নবীজি (সা.)-এর যুগ থেকে সাহাবা, তাবেইন ও তাবে-তাবেইন এ রাতে নফল ইবাদত পালনের ধারা চালিয়ে আসেন। হাদিস শরিফে এই রাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








