News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫৩, ২ মার্চ ২০২৬

‘মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’

‘মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাকে সরকারের ‘সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

সোমবার (০২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান খুবই স্পষ্ট। ওই অঞ্চলে অবস্থানরত আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের নাগরিকরা কাঁটাতারের এপাশে বা ওপাশে যেখানেই থাকুক, ক্ষতিগ্রস্ত হলে সরকার তাদের পাশে থাকবে। আমাদের সর্বোচ্চ জাতীয় স্বার্থ হলো আমাদের জনগণ। 

তিনি আরও বলেন, সংকট শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

এ প্রসঙ্গে খলিলুর রহমান জানান, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছ থেকে টেলিফোন পেয়েছেন। আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং তারা আশ্বাস দিয়েছেন যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে তারা সহায়তা করবে।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আর কোনো বাংলাদেশি যেন সংঘাতের শিকার না হন। তবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। 

আরও পড়ুন: ‘মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার’

তিনি পুনর্ব্যক্ত করেন, যুদ্ধ বা সংঘাত কখনও সমাধান বয়ে আনে না এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন।

বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে আটকে পড়া সম্ভাব্য অভিবাসী কর্মীদের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় আলোচনা ইতোমধ্যে হয়েছে এবং আকাশপথ স্বাভাবিক হলে তাদের যাত্রার ব্যবস্থা করা হবে।

মধ্যপ্রাচ্যের ক্রমবিকাশমান পরিস্থিতি এবং এর প্রভাব- বিশেষ করে বিমান চলাচল, প্রবাসী কল্যাণ ও আঞ্চলিক নিরাপত্তা পর্যালোচনায় এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির (যিনি পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন), শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী নাগরিকদের স্বার্থই বাংলাদেশের অগ্রাধিকার। ১ মার্চ দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতেও প্রবাসীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে। তিনি উল্লেখ করেন, যারা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে সংঘাতে দুই বাংলাদেশি নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। তাদের পরিবার ও নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা সরকারের নজরদারিতে রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের অবস্থান একেবারে পরিষ্কার। সেখানে অবস্থানরত ও কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের মুখ্য লক্ষ্য। 

তিনি বলেন, যারা ভিসা মেয়াদ শেষ হওয়ায় দেশে ফেরার জন্য টিকিট নিয়েছেন, তাদের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় আলোচনা ইতোমধ্যে হয়েছে। সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে প্রবাসী নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে। তবে এই প্রক্রিয়ায় চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়