News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৮, ১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় গভীর উদ্বেগ বাংলাদেশের

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় গভীর উদ্বেগ বাংলাদেশের

ফাইল ছবি

ইরানসহ মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হওয়া সাম্প্রতিক সামরিক সংঘাত ও নজিরবিহীন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। 

উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাতে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বর্তমান সংকটে বাংলাদেশের অবস্থান ও প্রবাসীদের সুরক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিত জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনরত বাংলাদেশি নাগরিকদের যাতায়াত ব্যাহত হয়েছে। 

বাংলাদেশ সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে, যাতে পরিস্থিতির উন্নতি ঘটলে গমনেচ্ছু ও বর্তমানে আটকে পড়া প্রবাসী নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে কয়েকটি দেশ ইতিবাচক আশ্বাস দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে উদ্ভূত উদ্বেগসমূহ দ্রুত নিরসন করা যায়। তেহরানে অবস্থানরত বাংলাদেশ মিশন, কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারীসহ ইরানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আলোচনাপ্রক্রিয়ার ব্যর্থতা ও উত্তেজনার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে সরকার পুনর্ব্যক্ত করেছে, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান অপরিহার্য। 

আরও পড়ুন: বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত

মন্ত্রণালয়ের মতে, সংঘাত কখনো স্থায়ী সমাধান বয়ে আনে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। বাংলাদেশ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার ও অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে।

সার্বভৌম নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংলাপের অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে, যাতে মধ্যপ্রাচ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব। বৈঠকে তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়।

এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাহরাইন, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও কাতারে বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি নির্দেশিকা প্রকাশ করেছে। 

কাতার দূতাবাস জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ এড়াতে হবে, নিজের বাসায় বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া উচিত। এছাড়া নগদ টাকা, পরিচয়পত্র, স্বাস্থ্য কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র করেছে এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের পদক্ষেপ জরুরি করে তুলেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়