News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, কী কী সুবিধা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, কী কী সুবিধা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শিগগিরই সরকার গঠন করতে যাচ্ছে দলটি। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের কথা রয়েছে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যরা কত বেতন পান এ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বরাবরই রয়েছে। বেতনের বাইরে তারা কী কী সুযোগ-সুবিধা পান, তা নিয়েও কৌতূহলের শেষ নেই। বিশেষ করে নির্বাচনের সময় এ আলোচনা বেশি গুরুত্ব পায়।

জানা গেছে, দেশে সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি। তিনি মূল বেতন হিসেবে মাসিক ১ লাখ ২০ হাজার টাকা পান। আর প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সব সরকারি খরচ রাষ্ট্র বহন করে।

প্রধানমন্ত্রী বেতনের পাশাপাশি বাড়িভাড়া হিসেবে ১ লাখ টাকা পান। তবে সরকারি বাসভবনে অবস্থান করলে এই ভাতা প্রযোজ্য হয় না। এছাড়া দৈনিক ৩ হাজার টাকা ভাতা, বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল সুবিধা রয়েছে।

জাতীয় সংসদের স্পিকার মাসিক ১ লাখ ১২ হাজার টাকা বেতন পান। বেতনের দিক থেকে পরের অবস্থানে রয়েছেন প্রধান বিচারপতি।তার মাসিক বেতন ১ লাখ ১০ হাজার টাকা।

সরকারের মন্ত্রীরা মাসে ১ লাখ ৫ হাজার টাকা বেতন পান। প্রতিমন্ত্রীদের বেতন ৯২ হাজার টাকা। একই পরিমাণ বেতন পান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং বিরোধীদলীয় নেতা। উপমন্ত্রীদের মাসিক বেতন ৮৬ হাজার ৫০০ টাকা।

একজন সংসদ সদস্য (এমপি) মাসিক ৫৫ হাজার টাকা বেতন পান। এ ছাড়া আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিল বাবদ বিভিন্ন ভাতা পান। সংসদ সদস্যরা বিমা সুবিধার আওতায়ও থাকেন।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান, যা পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। সরকারি প্রয়োজনে ভ্রমণের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ গাড়ি ব্যবহার করতে পারেন।

জ্বালানি বাবদ তারা দৈনিক ১৮ লিটার তেলের সমপরিমাণ অর্থ পান। দেশের ভেতরে ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দৈনিক ২ হাজার টাকা এবং উপমন্ত্রীরা দেড় হাজার টাকা ভাতা পান।

আইন অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজ পছন্দের একজন সহকারী একান্ত সচিব পান। এছাড়া দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুইজন অফিস সহায়ক ও একজন পাচক সুবিধা পান।

আরও পড়ুন: নতুন সরকারের শপথ আজ, দুই পর্বে আয়োজন সংসদ ভবনে

প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক পান। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একটি করে সরকারি মুঠোফোন সুবিধা ভোগ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়