নতুন সরকারের শপথ আজ, দুই পর্বে আয়োজন সংসদ ভবনে
ছবি: সংগৃহীত
নতুন সরকারের শপথ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজন ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুই পর্বে অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান।
এদিন সকালে সংসদ ভবনের ভেতরে নির্ধারিত শপথ কক্ষে নতুন নির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠান কয়েকটি ধাপে সম্পন্ন হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের শপথ আলাদাভাবে অনুষ্ঠিত হবে। শপথ শেষে সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ পর্বে কোনো অতিথি উপস্থিত থাকবেন না।
দেড় বছর পর প্রাণচাঞ্চল্য ফিরছে সংসদ ভবন এলাকায়। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার সদস্যদের শপথ। এ উপলক্ষে সেখানে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে, যেখানে প্রায় সাড়ে তিন হাজার অতিথির বসার ব্যবস্থা রাখা হয়েছে।
সাধারণত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবন-এ অনুষ্ঠিত হলেও এবার তা আয়োজন করা হচ্ছে জাতীয় সংসদ ভবনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শপথ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি অংশ নিতে পারেন। সে অনুযায়ী দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য’, ড. ইউনূসের বিদায়ী ভাষণ
বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন শেরিং তোবগে, ওম বিড়লা এবং আহসান ইকবাল। এছাড়া দক্ষিণ এশিয়ার আরও পাঁচ দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন। যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








