News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী অপরাধ সশরীরে আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার পরিচালনার জন্য তাদের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবেন। অর্থাৎ ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুই দিন তারা মাঠে থাকবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’ (পি.ও. নং ১৫৫ অব ১৯৭২)-এর অনুচ্ছেদ ৮৯এ-তে প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ ফেব্রুয়ারি এসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়। আইন ও বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তাদের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ভোটদানে বাধা প্রদান, কেন্দ্র দখল, বিশৃঙ্খলা সৃষ্টি ও অন্যান্য তফসিলভুক্ত নির্বাচনী অপরাধের ক্ষেত্রে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১৯০ (১) ধারা অনুযায়ী তাৎক্ষণিক বিচার বা সামারি ট্রায়াল পরিচালনা করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের ১০ ফেব্রুয়ারি পূর্বাহ্নে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যোগদান করতে হবে এবং যোগদানপত্রের একটি কপি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে। কোনো মামলার বিচার নিষ্পত্তির বিবরণী ৭২ ঘণ্টার মধ্যে ইসি সচিবালয়ের আইন শাখায় নির্ধারিত ছকে জমা দিতে হবে।

বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য প্রত্যেক ম্যাজিস্ট্রেট একজন করে বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার অথবা অফিস সহকারীকে সহায়ক স্টাফ হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ ছাড়া জেলা প্রশাসকরা প্রয়োজন অনুযায়ী জিপ, মাইক্রোবাস বা স্পিডবোটসহ যানবাহনের ব্যবস্থা করবেন।

আরও পড়ুন: শেষ হলো নির্বাচনের প্রচার-প্রচারণা

ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা ও দায়িত্ব পালনে সহায়তার জন্য পুলিশ কমিশনার, পুলিশ সুপার কিংবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী দেশের ৩০০টি সংসদীয় আসনের জন্য এসব ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দিষ্ট অধিক্ষেত্র ভাগ করে দেওয়া হয়েছে। পঞ্চগড়-১ থেকে বান্দরবান পর্যন্ত প্রতিটি আসনে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়