২০২৫ সালে ৬৪৫ সংখ্যালঘু ঘটনার ৭১টিই সাম্প্রদায়িক
ফাইল ছবি
২০২৫ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সম্পর্কিত মোট ৬৪৫টি ঘটনার তথ্য পর্যালোচনায় পাওয়া গেছে। এর মধ্যে পুলিশের মূল্যায়নে মাত্র ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদানের উপস্থিতি শনাক্ত হয়েছে, আর বাকি ৫৭৪টি ঘটনাকে সাম্প্রদায়িক নয় বলে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) পুলিশের যাচাইকৃত নথির বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইং জানায়, এই পর্যালোচনা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর), জেনারেল ডায়েরি (জিডি), চার্জশিট এবং দেশের বিভিন্ন স্থানে চলমান তদন্তের অগ্রগতির ভিত্তিতে সম্পন্ন হয়েছে। সরকার অপরাধ দমনে স্বচ্ছতা, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সংঘটিত মোট ৬৪৫টি ঘটনার মধ্যে ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে। এসব ঘটনার বড় অংশই ধর্মীয় উপাসনালয় বা প্রতিমা ভাঙচুর ও অবমাননার সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে রয়েছে ৩৮টি মন্দির ভাঙচুরের ঘটনা, একটি মন্দিরে চুরির ঘটনা, একটি হত্যাকাণ্ড এবং আটটি মন্দিরে অগ্নিসংযোগ। এ ছাড়া আরও ২৩টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে, যার মধ্যে প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুকে উসকানিমূলক পোস্ট এবং উপাসনালয়ের আঙিনায় ক্ষয়ক্ষতির মতো ঘটনা অন্তর্ভুক্ত।
এই ৭১টি ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৫০টি মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলায় মোট ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ২১টি ঘটনায় অন্যান্য পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, পর্যালোচনায় দেখা গেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য বা তাদের সম্পত্তি সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক নয়। ৫৭৪টি ঘটনার মধ্যে প্রতিবেশী বিরোধের ঘটনা ৫১টি, জমিসংক্রান্ত বিরোধ ২৩টি, চুরির ঘটনা ১০৬টি, পূর্বশত্রুতাজনিত ঘটনা ২৬টি এবং অস্বাভাবিক মৃত্যু ১৭২টি। এ ছাড়া ৫৮টি ধর্ষণের ঘটনা এবং অন্যান্য ১৩৮টি অপরাধের তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিল প্রেস উইং
এই ৫৭৪টি ঘটনায় ৩৯০টি নিয়মিত মামলা এবং ১৫৪টি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৪৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি অপহরণ, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির মতো ঘটনায় আরও ৩০টি অন্যান্য পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস উইংয়ের বক্তব্য অনুযায়ী, প্রতিটি অপরাধই গুরুতর এবং জবাবদিহিতা দাবি করে। তবে প্রমাণভিত্তিক উপাত্ত বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে সংখ্যালঘু ভুক্তভোগীদের অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে নয়; বরং ধর্ম ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে থাকা বিস্তৃত অপরাধমূলক ও সামাজিক কারণ থেকে উদ্ভূত। এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিক শ্রেণিবিন্যাস ভ্রান্ত তথ্য ও বিভ্রান্তি প্রতিরোধে সহায়তা করে এবং কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখে।
প্রতিবেদনে পুলিশের উল্লেখযোগ্য তৎপরতার কথাও তুলে ধরা হয়েছে। কয়েকশ ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা রুজু, বহু ঘটনায় গ্রেপ্তার এবং বিভিন্ন ঘটনায় চলমান তদন্ত কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষায় প্রাতিষ্ঠানিক অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করা হয়—বিশেষ করে ধর্মীয় উপাসনালয় বা সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয় সংশ্লিষ্ট ঘটনায়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাতীয় পর্যায়ে বাংলাদেশ এখনও গুরুতর আইনশৃঙ্খলা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতি বছর সারা দেশে সহিংস অপরাধে গড়ে প্রায় ৩ হাজার ৫০০ মানুষের প্রাণহানি ঘটে, যা কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। প্রতিটি প্রাণহানিই একটি ট্র্যাজেডি এবং এমন পরিসংখ্যানের মুখে কোনো সমাজেরই আত্মতুষ্টিতে ভোগা উচিত নয়। একই সঙ্গে এসব তথ্যকে প্রাসঙ্গিক প্রেক্ষাপটে বোঝাও জরুরি, কারণ সহিংস অপরাধ ধর্ম, জাতিগত পরিচয় ও ভৌগোলিক সীমা অতিক্রম করে সব সম্প্রদায়কেই প্রভাবিত করে।
প্রেস উইংয়ের মতে, বিদ্যমান সূচকগুলো দেখায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে হলেও উন্নতির পথে রয়েছে। উন্নত পুলিশিং ব্যবস্থা, গোয়েন্দা তথ্যের সমন্বয়, দ্রুত সাড়া প্রদান এবং জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে অর্থপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ আরও কমিয়ে আনা এবং আইনের আওতায় সবার জন্য সমান সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য বিশ্বাসের মানুষের দেশ—যেখানে সব নাগরিকের সমান অধিকার রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা শুধু সাংবিধানিক দায়িত্বই নয়, বরং একটি নৈতিক কর্তব্য। উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করা, উসকানি প্রতিরোধ করা, অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং গুজব থেকে সত্য আলাদা করাই সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য অপরিহার্য।
প্রেস উইং জানায়, এই প্রতিবেদনটি স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে। এতে চ্যালেঞ্জ অস্বীকার করা হয়নি, আবার পরিস্থিতিকে স্বস্তিদায়ক বলেও উপস্থাপন করা হয়নি। বরং এটি বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলছে এমন অপরাধ প্রবণতার একটি বাস্তব ও প্রমাণভিত্তিক চিত্র তুলে ধরার প্রচেষ্টা।
নিউজবাংলাদেশ.কম/পলি








