২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসায় অনুমোদন পেলে দিতে হবে ভিসা বন্ড
ছবি: সংগৃহীত
চলতি ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভিসা (বি১/বি২) পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের এই বন্ড জমা দেওয়ার শর্ত কার্যকর হবে। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।
মার্কিন দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। এ ছাড়া তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইটের মাধ্যমে অর্থ পরিশোধ প্রতারণামূলক হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: ঠিকানা খুঁজে না পাওয়ায় ৫৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে: ইসি সানাউল্লাহ
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করা হলে বন্ডের অর্থ পরে ফেরত দেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








