১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা
ফাইল ছবি
আগামী ১২ তারিখে অনুষ্টিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন খুবই ক্রিটিক্যাল বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা আরও বলেন, এখনই সুযোগ, জুলাই বিপ্লবের যে অর্জন সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা নিয়ে অনেকের মধ্যে নেগেটিভ প্রবণতাও রয়েছে। আপনারা সেটা কাউন্টার করবেন না। সব কিছু পজেটিভভাবে নিয়ে এগিয়ে যাবেন।
আরও পড়ুন: ‘হ্যাঁ’ ভোটে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
উপদেষ্টা আরও বলেন, অতীতে আমরা দেখেছি কেউ কিছু করে গেলে পরেরজন এসে সেটা বাতিল করে দেয়। আশা করছি এ ক্ষেত্রে সেটা হবে না। আপনারা হ্যাঁ ভোট সমর্থন করে নিজেদের শক্তিশালী করুন এবং আগামীতে যে সরকার আসবে তাকেও শক্তিশালী করুন।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ ন ম বজরুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মন্ত্রী পরিষদ সচিব ড শেখ আব্দুর রশীদ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরফ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও ৯টি উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।
নিউজবাংলাদেশ.কম/এনডি








