নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সব প্রস্তুতি সম্পন্ন: প্রেস সচিব
ছবি: সংগৃহীত
নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হজরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রা.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ও পোস্টাল ব্যালটের কার্যক্রমও শেষ হয়েছে। এখন বলা যায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের জন্য শুধু অপেক্ষা করা হচ্ছে।
গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। বিশ্বের যেসব দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার সাধারণত ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর একটি পক্ষ নিয়ে অবস্থান নেয়। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। মূলত সংস্কারের একটি সমষ্টিগত প্যাকেজই হচ্ছে এই গণভোট।
তিনি আরও বলেন, যাতে দেশে আর কখনো অপশাসন বা স্বৈরাচার ফিরে না আসে এবং শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী শাসন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।
প্রেস সচিব বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ার কারণে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। তবে এবার জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এই সরকার কাজের মাধ্যমে প্রমাণ করবে যে তারা নিরপেক্ষ এবং কোনো পক্ষপাতিত্ব করছে না।
আরও পড়ুন: শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ
পরে তিনি মাজার প্রাঙ্গণের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, মাজারের সেক্রেটারি রফিকুল ইসলাম খাদেম মিন্টুসহ প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








