News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৬, ১৪ জানুয়ারি ২০২৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামুনুল হককে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামুনুল হককে শোকজ

ফাইল ছবি

ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও দলটির আমির মাওলানা মামুনুল হককে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেন। এদিন তার সই করা শোকজ নোটিশ মামুনুল হকের কাছে পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, মাওলানা মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা ১৮৬ ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে তিনি অনুসারীদের নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

চিঠিতে বলা হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিন ১২ ফেব্রুয়ারি। অথচ এর তিন সপ্তাহ সময়ের আগেই তিনি নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়েছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এই বিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে নোটিশে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এ সংক্রান্ত শুনানি গ্রহণ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।

এ ছাড়া নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়