বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের
ছবি: সংগৃহীত
হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ সংস্করণে বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্টের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম দুর্বল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ পাসপোর্ট র্যাংকিং প্রকাশ করে। সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। ১০১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৫তম।
এর আগে ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। অর্থাৎ এবার পাঁচ ধাপ উন্নতি হলেও অবস্থান এখনো তলানির দিকেই রয়ে গেছে।
ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে এই পাসপোর্ট র্যাংকিং তৈরি করা হয়।
সূচকে টানা শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৮৮টি দেশ)। তৃতীয় স্থানে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড (১৮৬টি দেশ)।
চতুর্থ স্থানে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ে (১৮৫টি দেশ)। পঞ্চম স্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (১৮৪টি দেশ)।
র্যাংকিংয়ের একেবারে নিচে রয়েছে আফগানিস্তান (১০১তম), সিরিয়া (১০০তম), ইরাক (৯৯তম), ইয়েমেন ও পাকিস্তান (৯৮তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ২৪ থেকে ৩১টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।
আরও পড়ুন: যেভাবে মিলবে সরকারি চাকরিজীবীদের ৪ দিনের একটানা ছুটি
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটির অবস্থান ৫২তম এবং নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি দেশে ভ্রমণের সুযোগ পান।
এবারের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








