১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত
ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে সকল রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, একইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই কারণে নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না হওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর আয়োজন করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নির্লজ্জভাবে পুরো নির্বাচন ব্যবস্থা বিকৃত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২, এবং হিজড়া পরিচয়ে ভোটার ১ হাজার ২৩৪ জন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








