News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২২, ১১ জানুয়ারি ২০২৬

রাজধানীতে কমছে তাপমাত্রা, উত্তরে শৈত্যপ্রবাহ

রাজধানীতে কমছে তাপমাত্রা, উত্তরে শৈত্যপ্রবাহ

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাতাসের গতিবেগ আগের তুলনায় কিছুটা কমেছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, এ সময় ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

এদিকে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা, উত্তরের হিমেল বাতাস এবং টানা শীতে কয়েক দিন ধরে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা।

রবিবার (১১ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। একই দিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন: শীতের দাপট বাড়ছে, আরও কয়েক দিন শৈত্যপ্রবাহের আশঙ্কা

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 
বুধবার (৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিন ধরে সকালবেলা সূর্যের দেখা মিলছে না। দুপুরে সূর্যের আলো দেখা গেলেও কাঙ্ক্ষিত উষ্ণতা মিলছে না। রবিবার ভোর থেকেই পঞ্চগড়ের গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক চালককে ধীরগতিতে যানবাহন চালাতে দেখা গেছে।

কনকনে শীতের কারণে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। বিভিন্ন মোড় ও চায়ের দোকানের পাশে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে শীতার্ত মানুষকে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। শিশু ও বয়স্করা এ শীতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।

চা শ্রমিক সাইফুল ও জামালসহ কয়েকজন জানান, কয়েক দিন ধরে ভোরে প্রচণ্ড হিমশীতল বাতাস ও কনকনে শীতের মধ্যেই চা বাগানে পাতা তুলতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসছে। তবে জীবিকার তাগিদে কাজ বন্ধ রাখা সম্ভব নয়। 

উপজেলা সদরের ভ্যানচালক সুজন আলী বলেন, সকালে ভ্যান নিয়ে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছে। উত্তরের হিমেল বাতাসে ভ্যান চালানো কঠিন হয়ে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। গত দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার পর আজ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এখানে শীতের তীব্রতা তুলনামূলক বেশি অনুভূত হয়। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়