৮ ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।
পরিপত্রে বলা হয়, নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৮ ফেব্রুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হবে, যা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানানো হয়েছে- মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতি সাধারণ ভোটকেন্দ্রে ১৫–১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে এ সংখ্যা ১৭-১৮ জন।
মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন, আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন সদস্য মোতায়েন থাকবে। জনদুর্গম ও বিশেষ এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬–১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।
আরও পড়ুন: দেশের ৪৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








