চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে দেওয়া যাবে না: ফাওজুল কবির
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান। ফাইল ছবি
চালকদের জীবিকা ও তাদের পরিবারের বিষয়টি বিবেচনায় নিয়ে চাইলেই রাজধানী ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আফতাব নগরে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, “ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার পরিবর্তে এগুলোকে একটি শৃঙ্খলাবদ্ধ কাঠামোর আওতায় আনা হবে।” তিনি জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র গাড়ি থামানো বন্ধের উদ্যোগও নেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে কীভাবে নিয়মের মধ্যে আনা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।
স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করা ও নগরকে নিরাপদ রাখতে ই-রিকশা প্রকল্প গ্রহণ করা হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নির্দিষ্ট এলাকায় এবং পর্যায়ক্রমে পুরো শহরে ই-রিকশা চলাচলের ব্যবস্থা করবে সরকার।
আরও পড়ুন: তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








