হাদি হত্যার বিচারের দাবিতে আজ থেকে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’
ছবি: সংগৃহীত
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (৩ জানুয়ারি) থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এ সময় হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সহযোগিতা চাইতে সরকার, রাজনৈতিক দলসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে যাবেন সংগঠনটির নেতাকর্মীরা।
একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনে নামার ঘোষণা দেয় সংগঠনটি। এ ছাড়া ২২ কর্মদিবসের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্য হতে হবে। গোপন বৈঠক গ্রহণযোগ্য নয় এবং দিল্লির সঙ্গে কোনো গোপন আলোচনাও মেনে নেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের চারপাশে আধিপত্যবাদী চাপ রয়েছে। যে কোনো দেশ যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তার বিরুদ্ধেই তাদের অবস্থান থাকবে। এই আন্দোলন কেবল শুরু হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি তাদের লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। সেই পথ অনুসরণ করেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। দেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








