২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক টানা ছুটির সুযোগ
ফাইল ছবি
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
তবে ২৮ দিনের ছুটির মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটি তথা শুক্র ও শনিবার পড়ায় প্রকৃত কার্যদিবসে ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ১৯ দিন।
ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা গেছে, ব্যক্তিগত পরিকল্পনা বা ভ্রমণের জন্য ২০২৬ সাল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়ে আসছে একের অধিক দীর্ঘ অবকাশের সুযোগ।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি সমানভাগে অর্থাৎ ১৪ দিন করে বিভক্ত করা হয়েছে। এছাড়া ধর্মীয় উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটির বিধানও রাখা হয়েছে। একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন, যা পূর্বানুমোদন সাপেক্ষে সাধারণ বা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করার সুযোগ থাকবে। দেশের সকল সরকারি, আধা-সরকারি এবং সংবিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই তালিকা কার্যকর হবে। তবে অত্যাবশ্যকীয় সেবা ও নিজস্ব আইন দ্বারা পরিচালিত সংস্থাগুলো জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব ছুটি নির্ধারণ করবে।
আরও পড়ুন: শীতের তীব্রতা নিয়ে আসছে বড় দুঃসংবাদ, কাঁপছে দেশ
আগামী বছরের ছুটির তালিকায় সবচেয়ে আকর্ষণীয় সুযোগ তৈরি হয়েছে মে মাসে। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে টানা ৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি যুক্ত করে ২৪ ও ২৫ মে মাত্র দুই দিন বাড়তি ছুটি নিতে পারলে একজন চাকরিজীবী টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন। একইভাবে মার্চ মাসেও রয়েছে বড় ছুটির হাতছানি। ১৭ মার্চ শবে কদরের ছুটির পর ১৮ মার্চ এক দিন ছুটি নিলে ২১ মার্চের ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিনের বিরতি পাওয়া সম্ভব। এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হওয়ায় কোনো ছুটি না নিলেও টানা ৩ দিন এবং এক দিন ছুটি নিলে টানা ৪ দিনের ছুটি মিলবে।
বছরের অন্যান্য সময়েও কয়েক দফায় লম্বা ছুটির যোগসূত্র রয়েছে। ৪ ফেব্রুয়ারি শবে বরাতের ছুটির পরদিন এক দিন ছুটি নিলে সাপ্তাহিক ছুটিসহ টানা ৪ দিন এবং ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটির সঙ্গে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের মাঝে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলে টানা ৫ দিনের অবকাশ মিলবে। আগস্ট মাসেও দুই দফায় চার দিনের ছুটির সুযোগ থাকছে; ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে নির্ধারিত ছুটির পরবর্তী বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করলে সাপ্তাহিক ছুটিসহ এই দীর্ঘ বিরতি পাওয়া যাবে। বছরের শেষ দিকে ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজার ছুটির পর ২২ অক্টোবর ছুটি নিলে টানা ৫ দিন এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর ১৭ ডিসেম্বর ছুটি নিলে টানা ৪ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকুরেরা।
নিউজবাংলাদেশ.কম/পলি








