News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৫, ১৬ জানুয়ারি ২০২৬

‘রাজনীতিতে সংযম ও রুচির বিরল দৃষ্টান্ত ছিলেন খালেদা জিয়া’

‘রাজনীতিতে সংযম ও রুচির বিরল দৃষ্টান্ত ছিলেন খালেদা জিয়া’

নিউ এজের সম্পাদক নূরুল কবীর। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন ডেইলি নিউ এজের সম্পাদক নুরুল কবির। দল-মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণই তার নেতৃত্বের সবচেয়ে বড় প্রমাণ বলে মনে করেন তিনি।

খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৬ জানুয়ারি) আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য দিতে গিয়ে নুরুল কবির এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ ও রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার যে গুণটি তাকে বরাবরই সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, তা হলো তাঁর রুচিশীলতা ও পরিমিতিবোধ। বিশেষ করে এমন এক সময়ে, যখন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরেই শালীনতা ও সংযমের ঘাটতি স্পষ্টভাবে প্রকট, তখন খালেদা জিয়া ছিলেন ব্যতিক্রম।

আরও পড়ুন: ‘বাংলাদেশকে ভালো রাখতে খালেদা জিয়াকে আত্মস্থ করতে হবে’

নুরুল কবির বলেন, একজন রাজনীতিক হিসেবে নিজের ওপর এবং তাঁর পরিবারের ওপর রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে যে নানা আঘাত ও দুর্ভোগ নেমে এসেছে, তার প্রতিক্রিয়ায় তিনি কখনোই প্রকাশ্যে নিজের বেদনা, ক্ষোভ কিংবা নিন্দাসূচক কোনো বক্তব্য উচ্চারণ করেননি। নিরন্তর ও বিনা ব্যতিক্রমে তিনি এই সংযম ও আত্মমর্যাদা বজায় রেখেছেন, যা রাজনীতিতে অত্যন্ত বিরল।

তিনি আরও বলেন, আপাতদৃষ্টিতে বিষয়টি সহজ মনে হলেও বাস্তবে রাজনীতিতে সংযম, পরিমিতিবোধ ও আত্মমর্যাদা ধারণ করা অত্যন্ত কঠিন। মতাদর্শ ও রাজনৈতিক পথ ভিন্ন হতে পারে, অনেক অনুসারী ও পথদর্শন থাকতে পারে; কিন্তু যিনি যেই রাজনীতির বা সংস্কৃতিরই অনুসারী হন না কেন, বর্তমান বাংলাদেশের অসহিষ্ণুতাপূর্ণ সময়ে এই গুণগুলো সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণযোগ্য বলে তিনি মনে করেন।

খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ টেনে নুরুল কবির বলেন, সেদিন বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বিএনপির একজন নেতা লক্ষ লক্ষ মানুষের কাছে অঙ্গীকার করেছিলেন যে দলটি বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ অনুসরণ করেই রাজনীতি পরিচালনা করবে। এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য বিএনপির প্রতি বিশেষভাবে আহ্বান জানান তিনি।

নুরুল কবিরের মতে, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত আচরণ বাংলাদেশের রাজনীতিতে শালীনতা, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়