বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেয়া সেনা সদস্য প্রত্যাহার
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথবাহিনীর অভিযান চলাকালে আটক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘটনাটিকে ‘দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী।
আইএসপিআর জানায়, গত ১২ জানুয়ারি (সোমবার) আনুমানিক রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি ৯ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে টহল দল।
আরও পড়ুন: টেকনাফে গুলি: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঢাকার প্রতিবাদ
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অভিযান শেষ হওয়ার পর আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নির্যাতনে শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে।
নিহত ডাবলু জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। রাজনৈতিক সহকর্মীর এমন মৃত্যুতে এলাকায় শোক ও উত্তজনা বিরাজ করছে।
এই ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনী কঠোর অবস্থান গ্রহণ করেছে। আইএসপিআর জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডার এবং অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যকে সেনানিবাসে ফিরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনের লক্ষ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে আশ্বস্ত করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি/এনডি








