News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৪, ১৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:১৪, ১৩ জানুয়ারি ২০২৬

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন। ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল লা মেরিডিয়ান-এ শুরু হওয়া সম্মেলনটি চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি বিশ্বব্যাংকের প্রতিনিধি, বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকরা উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ইউজিসির তথ্যমতে, দেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্ক জোরদার করতেই এই সম্মেলনের আয়োজন।

তিন দিনব্যাপী সম্মেলনে মোট আটটি সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ‘দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সুশাসন, গুণগতমান ও অন্তর্ভুক্তি’ এবং ‘গবেষণা, উদ্ভাবন, স্থায়িত্ব ও সামাজিক সম্পৃক্ততা’ শীর্ষক দুটি সেশন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিনে আলোচনায় গুরুত্ব পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বয়, ডিজিটাল রূপান্তর ও স্মার্ট লার্নিং ইকোসিস্টেম, ‘গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান বৃদ্ধি ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’, ‘উচ্চশিক্ষার ভবিষ্যৎ পথরেখা: সহযোগিতা, সহমর্মিতা ও নেটওয়ার্কিং’, ‘উচ্চশিক্ষা রূপান্তরে অংশীজনদের সংলাপ: সুশীল সমাজের কণ্ঠস্বর’ এবং ‘উপাচার্যদের সঙ্গে সংলাপ: হিট প্রকল্পের প্রেক্ষাপট’ শীর্ষক সেশনগুলো।

আরও পড়ুন: ‘প্লট দুর্নীতি’: হাসিনা, টিউলিপ, আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি

সম্মেলনের শেষ দিনে ‘উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু’ নিয়ে আলোচনা শেষে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছে ইউজিসি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়